পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের তিনটি জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট কয়েকটি ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
প্রদেশটির কারাক , বান্নু এবং লক্কি মারওয়াত জেলার শনিবার ( ১০ জুন) হতাহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় উদ্ধারকারী পরিষেবা ‘কেপি রেসকিউ ১১২২’ এ তথ্য নিশ্চিত করেছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাদ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা নিশ্চিত করে জরুরি উদ্ধার পরিষেবার মহাপরিচালক ডক্টর খাতির আহমেদ সরকারি এক বিবৃতিতে বলেছেন, বান্নু জেলায় ১২জন লক্কি মারওয়াত থেকে তিনজন এবং কারাক থেকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনাবশত দেয়াল ও বাড়ির ছাদ ধসে পড়ে বেশির ভাগ মৃত্যু ঘটেছে। বৃষ্টিপাতে বিপর্যস্ত এই তিন জেলায় উদ্ধার তৎপরতা চলছে।
উদ্ধারকারী দল কেপি ১১২২ উদ্ধার তৎপরতা জারি রেখেছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এদিকে শনিবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খাইবার পাখতুনখাওয়ার বেশির ভাগ জেলায় ‘খুব গরম এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।